৮ বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করছেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৮ বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩০, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
লন্ডনে ছেলে, পুত্রবধূ, নাতনীদের সঙ্গে আট বছর পর ঈদ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রবিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন।

“আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিং ফর আস।”

বিএনপিপ্রধান কবে দেশে ফিরবেন জানতে চালে ফখরুল বলেন, “নিশ্চিত না… এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।”

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।

‘আপনজনের সঙ্গে ঈদের দিন একান্তে কাটাচ্ছেন’

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “আপনারা জানেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাবেন।

“বাসায় দুই পুত্রবধূ (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান) আছেন, আছেন তিন নাতনী (তারেকের মেয়ে জাইমা রহমান, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান, জাহিয়া রহমান)। ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন। কারণ দীর্ঘদিন পর ম্যাডাম আপনজনদের সাথে ঈদ করতে যাচ্ছেন। বুঝতেই পারছেন, এখানে অনেক আবেগ জড়িত।”

খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন।

এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন।

এরও আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস‌্যদের সাথে ঈদ উদযাপন করেছিলেন।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, “তিনি এই মুহূর্তে আগের চেয়ে অনেকটা ভালো আছেন।”

তিনি বলেন, “ম্যাডাম দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীদের আপনাদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।”

গত ৮ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান, হিথরো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ ভর্তি করা হয়।

১৭ দিন চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্টিক কেনেডির তত্ত্বাবধানে।

এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার চারটি ঈদে কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করে আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ