৯ বছর পর প্রকাশ্য কর্মসূচিতে সালাউদ্দিন আহমেদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৯ বছর পর প্রকাশ্য কর্মসূচিতে সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ ৯ বছর পর প্রকাশ্যে কোনো দলীয় কর্মসূচিতে বক্তব্য রেখেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৩ আগস্ট) কুমিল্লা সদর উপজেলা গোমতীতে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

এর আগে, সকাল ১০টায় রাজধানীর গুলশানের বাসা থেকে সালাউদ্দিন আহমেদ কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাউদ্দিন।

তিনি বলেন, ভারতের সাথে দরকষাকষি করার মতো গত ১৫/১৬ বছরে কোনো সরকার ছিল না। তাদের সাথে দরকাষাকষি করতে হলে দেশে একটি জনগণের নির্বাচিত একটি শক্তিশালী সরকার থাকা দরকার।

তিনি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দেশনা তুলে ধরেন। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বন্যার্তদের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন তাও তুলে ধরেন সালাউদ্দিন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যতোদিন এ বন্যা থাকবে; ততোদিন বানভাসি মানুষের পাশে বিএনপি থাকবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে থাকবেন। কেন্দ্র থেকেও যতটুকু সম্ভব সাহায্য করা হবে।

তিনি বলেন, ভারতের উজান থেকে আসা পানি বা সেখানকার বাঁধ খুলে দিলেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়। এতে দেশের মানুষের যানমাল গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ইত্যাদির নানা ক্ষতি হয়েছে। বছরের পর বছর এ অবস্থা দেখে আসছি।

তিনি আরো বলেন, গত কয়েক বছরে এই নিয়ে ভারতের সাথে কথা বলা বা দর কাষাকষি করার মতো কোনো সরকার ছিল না। এ পরিস্থিতি অবসানে জনগণের নির্বাচিত একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দরকার।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারের পতন হয়েছে। গত ৫ আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। গত ১৫/১৬ বছরে ফ্যাসিবাদের কারণে যত ক্ষত হয়েছে কারো শরীরে, কারো মনে, সমাজে, অর্থনীতিসহ সর্বত্র সেই ক্ষয়ক্ষতি বয়ে বেড়াচ্ছে।

এখান থেকে মুক্ত হতে হলে একমাত্র পথ স্বৈরাচারী সরকারের দোসর, রাষ্ট্র বিদ্বেষী, অপর দেশের সেবাদাস আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন।

গত ৫ আগস্টের পর ফ্যাসিবাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে দেশের সাধারণ মানুষের ওপর দায় চাপানোর চেষ্টা করেছিল বলে মনে করেন সালাউদ্দিন।
তিনি বলেন, তারা সফল হয়নি। দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ দলমত নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থাকলে তারা সফল হবে না। ধর্ম যা-ই হোক, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। আমরা সবাই বাংলাদেশি, এ দেশের নাগরিক। বাংলাদেশি পরিচয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। কোমলমতি শিক্ষার্থীরা আমাদের সেই শিক্ষা দিয়ে আমাদের আবার স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করেছে। সুতরাং আগামী দিনে সেই স্বাধীন, সেই স্বপ্ন সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মানের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বাংলাদেশি পরিচয়ে।

পরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাক মিয়া, অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিপুল সংখ্যক জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ