আইন প্রণয়নে বৈধতা দেওয়া ছাড়া সংসদ আর কিছু করতে সক্ষম নয় : জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

বিদ্যমান ব্যবস্থায় সংসদ আইন প্রণয়নে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু করার জন্য সক্ষম নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। জাতীয় সংসদে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল সোমবার তিনি এ মন্তব্য করেন। সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবটি সংসদে তোলেন।
উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলে—রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের এমন বক্তব্য প্রসঙ্গে করে জি এম কাদের বলেন, অনেকেই উন্নয়নকে গণতন্ত্রের বিকল্প হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন। কিন্তু উন্নয়ন কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না। উন্নয়নের বিষয়ে বলা হচ্ছে স্থিতিশীলতা উন্নয়নের সহায়ক। কথাটি সত্য। তবে এটি যারা বলেন, তারা সরকার পরিবর্তন না হওয়াটাকে স্থিতিশীলতা মনে করেন। বস্তুত সরকার পরিবর্তন না হলে এক ধরনের স্থিতিশীলতা দেখা যায়। কিন্তু সেটি বাহ্যিক ও কৃত্রিম স্থিতিশীলতা। এই ধরনের স্থিতিশীলতা ভঙ্গুর ও অল্প দিনে অস্থিতিশীলতায় পরিণত হতে পারে। প্রকৃতপক্ষে স্থিতিশীলতা হলো সরকার পরিবর্তন হলেও দেশের রাজনীতি ও অর্থনীতিতে এর কোনো প্রভাব না পড়া।
জি এম কাদের বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে আইন প্রণয়নে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি দল সংসদের সংখ্যাগরিষ্ঠ। সংসদের ৭০ অনুচ্ছেদের কারণে সরকারের যে কোনো প্রস্তাবে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকে। ফলে সরকারি আইনে সরকারি দলের সম্মতি পায়। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বাভাবিকভাবেই অনুমতি লাভ করে। সংশোধনগুলো গ্রহণ বা বর্জন সরকারের মর্জির ওপর নির্ভরশীল থাকে। সংসদ কার্যত আইন প্রণয়নে শুধু সরকারি আইন প্রণয়নে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু করার জন্য সক্ষম নয়।
১৯৯১ পবরর্তী দেশের প্রায় প্রতিটি সংসদই কোনো না কোনো দল বর্জন করেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ৫০ বছরে আমরা অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছি। এখন অনেক পরিপক্ক ও মেচিউরড সংসদ বলে আমি দাবি করছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটি সংশোধনী হওয়া আবশ্যক।
সংসদীয় কমিটি কার্যকর করার প্রস্তাব করে বিরোধীদলীয় উপনেতা বলেন, সংসদীয় কমিটির প্রধান দায়িত্ব হচ্ছে সরকার ও মন্ত্রণালয়ের জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু আমরা মনে করি, এই কাজগুলো স্থায়ী কমিটি করতে সক্ষম হচ্ছে না।
জনতার আওয়াজ/আ আ