বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের যাতায়াতের ব্যবস্থা করা হবে: ডা. জুবাইদা রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের যাতায়াতের ব্যবস্থা করা হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান। ছবি: খবরের কাগজ
দেশে বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনা ভাড়ায় চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়; সব জায়গায় তাদের প্রবেশ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। আমি আশা করি, প্রতিটি শিশু বিশেষভাব সক্ষমতা লাভ করলে পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকবে।

বক্তব্যের শুরুতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জুবাইদা রহমান। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে না পারে, সেই লক্ষ্যে আজ কড়াইলে ‘শিশু স্বর্গ’ প্রকল্পের যাত্রা শুরু হলো। তিনি বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় প্রয়োজন সঠিক ও সময়োপযোগী সহযোগিতা। নির্দিষ্ট সময় চিকিৎসা দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম গঠন করা হয়েছে। প্রতিবন্ধীদের অবকাঠামো নির্মাণের সময় তাদের জন্য চলাচলের ব্যবস্থা ও আলাদা ওয়াশরুম রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। সিটি করপোরশনগুলোকে আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে ট্রেড লাইন্সেস দেওয়ার আগে প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা আছে কি না, না থাকলে লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি উপজেলা হাসপাতালে শুধু প্রতিবন্ধীদের জন্য ফিজিওথেরাপি পদ সৃষ্টি এবং তাদের চিকিৎসাসেবা দেবেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য শুধু সেবার বিষয় নয়। এটা মানবাধিকার। দেশের বিশেষ চাহিদাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি বর্তমান সরকারের যে অঙ্গীকার, সেটি পূরণ করতেই আজকের এই শিশু স্বর্গ প্রকল্প। এই প্রকল্প আজ থেকে ১০টি জায়গায় চালু হলো। আগামী এক বছরের মধ্যে আরও ৫০টি উপজেলায় চালু হবে। পরবর্তী তিন বছরের মধ্যে দেশের সব জায়গায় চালু হবে।

প্রতিমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ডে অগ্রাধিকার পাবে প্রতিবন্ধীরা। স্বাস্থ্যব্যবস্থা সংস্কারে প্রতিবন্ধীদের জন্য পুনর্বাসন ও প্রিভেনশন প্রমোশনে জোর দিচ্ছে সরকার। শিশু স্বর্গে চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করে অন্তর্ভুক্তিমূলক সমাজে নিয়ে আসা হবে। জাতীয়ভাবে রেজিস্ট্রার করে প্রতিবন্ধীদের সব সুবিধা নিশ্চিত করতেও কাজ করছে সরকার।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, প্রতিবন্ধী মানুষকে সমাজে ভিন্ন গ্রহের মানুষ হিসেবে বিবেচনা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে সক্ষম মানুষদের ভালো থাকার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। প্রত্যেক বাচ্চার সহজ মূল্যে থেরাপি দেওয়া, শিক্ষা নিশ্চিত করা ও অর্থনীতিতে যুক্ত করাই এই পরিকল্পনার অংশ। এর মধ্যে দিয়ে মানবিক বাংলাদেশ গড়া তোলা হবে।

‘শিশু স্বর্গ’ প্রকল্পের কর্মসূচির উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, জেড আর এফ নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ