আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে আটক করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে ঢাবির রাসেল টাওয়ার থেকে একদল শিক্ষার্থী তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ ফেসবুকে লেখেন, ‘লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার জঙ্গি লাভলুকে খুঁজে বের করে পুলিশে দেওয়া হয়েছে। মুজিবকোট পরিহিত শিক্ষক নামের কলঙ্ক জঙ্গিগুলোকেও শীঘ্রই সাইজ করা হবে।’

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা লেখেন, ‘লাভলুকে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।’

তিনি আরও লেখেন, ‘এ জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনি। ২০০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ইনসাফ আনার শপথ নিয়ে এসেছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।’

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের লেখেন, ‘হাসিনার পক্ষে পোস্ট দেওয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট। প্রত্যেকটা ইঁদুরকেই গর্ত থেকে টেনে বের করা হবে, ওয়েট।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাকে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি এর আগে সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সময়ে তিনি উপাচার্যের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। অভ্যুত্থানের পর তাকে রেজিস্ট্রার দফতরে পাঠানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ