আজ বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের গোলামে পরিণত হয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজ বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের গোলামে পরিণত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ

 

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (১১ মার্চ) দেশের ৭৫ সাংগঠনিক জেলায় (মহানগর ও জেলা) একযোগে মানববন্ধন করেছে বিএনপি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এ কর্মসূচিতে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন।

এসব মানববন্ধনে দেওয়া বক্তব্যে বিএনপি নেতারা বলেছেন, ‘বিএনপির ভয়ে এই সরকার এখন আতঙ্কিত। তাদের সময় শেষ হয়ে এসেছে। অত্যাচার-নির্যাতন করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। বাংলাদেশে অতীতে কোনও আন্দোলন ব্যর্থ হয়নি। বিএনপির আন্দোলনও ব্যর্থ হবে না। এ বছর শেষ হওয়ার আগেই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে।’

ভোলা: শনিবার দুপুরে বিএনপি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে ভোলায় প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, ‘সরকার জনগণকে তোয়াক্কা করে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া। সবকিছুর দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে। আজ বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের গোলামে পরিণত হয়েছে। আমরা গোলামি করে বাঁচতে চাই না। মাথা উঁচু করে বাঁচতে চাই।’

তিনি বলেন, ‘দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র নেই। এই সরকার এখন আতঙ্কিত। তারা জেনে গেছে তাদের সময় শেষ হয়ে এসেছে। বাংলাদেশে অতীতে কোনও আন্দোলন ব্যর্থ হয়নি। বিএনপির আন্দোলনও ব্যর্থ হবে না। এ বছর শেষ হওয়ার আগেই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে।’

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

আমির-খসরু
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম: সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা ভোট চুরির সঙ্গে জড়িত থাকবে তাদের বিচার হবে। বিশ্বের উন্নত দেশগুলো বাংলাদেশের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা আইন করেছে। সবাইকে জেলে যেতে হবে। কেউ ছাড় পাবে না। তাই তাদের বলবো, বুঝিয়া করিও কাজ। আর করিয়া বিপদ ডাকিয়া আনিবেন না। দেশের মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দিয়ে চলে যান। ৫০ বছর পর আবার দেখা হবে।’

দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে দাবি করে আমির খসরু বলেন, ‘রাস্তাঘাটে, পথেঘাটে সমাবেশে প্রত্যেক জায়গায় আজ একটা প্রশ্ন এই সরকারকে কবে বিদায় দেবেন? আমরা নিঃশ্বাস ফেলতে পারছি না। আরও কিছুদিন এই অবৈধ সরকার যদি থাকে, আমরা কেউ বাঁচবো না। শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রতিটি দিন অতিবাহিত করছি, আমাদের মুক্তি দিন। দেশকে মুক্ত করেন। এটাই হচ্ছে জনগণের বার্তা।’

দেশের মানুষ না খেয়ে আছে মন্তব্য করে আমির খসরু আরও বলেন, ‘অনেকে লুটপাট করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব টাকা ফেরত দিতে হবে। যারা আওয়ামী লীগের সঙ্গে ভোট চুরিতে জড়িত থাকবে, তাদের সবার তালিকা করা হবে।’

বিএনপি-৪
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বক্তব্য দিয়েছেন
লক্ষ্মীপুর: শনিবার লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচিতে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়েছে। শহরের কালেক্টরিয়েট রোডে বেলা ১১টার দিকে এ মানববন্ধন করা হয়। এ্যানি বলেন, ‘আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনা সরকারের পুলিশের এসপি, ডিসি, বিডিআর ও রাতের ভোট হবে না। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।’

মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব বক্তব্য দেন।

ব্রাহ্মণবাড়িয়া: শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘বাংলাদেশের রাজনীতি খালেদা জিয়াকে বাদ দিয়ে হবে না। যে দুই কোটি টাকা অনিয়মের অভিযোগে খালেদা জিয়াকে জেল দিয়েছে, সে অনিয়ম খালেদা জিয়া করেননি। শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছেন। এই জেল আপনাকেও একদিন খাটতে হবে। কারণ জনতার আদালতে আপনাকেও দাঁড়াতে হবে। বাংলাদেশে এখন নির্বাচন ব্যবস্থা উঠে গেছে। আজকে মানুষ নির্বাচনে ভোট দিতে যায় না। আগে ভোটের আমেজ ছিল। এখন মানুষ ভোটকেন্দ্রে যায় না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিুরল হক খোকনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি-৫
দিনাজপুরে বক্তব্য দিয়েছেন হাবিব-উন নবী খান সোহেল
দিনাজপুর: শনিবার দুপুরে দিনাজপুর নিমতলা এলাকায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেন, ‘খালেদা জিয়া আওয়ামী প্রতিহিংসার শিকার। আওয়ামী লীগ নেতারা এখন বক্তব্য দেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, কিন্তু রাজনীতি করতে পারবেন না। আবার কেউ বলেন, রাজনীতি-নির্বাচন কোনোটাই করতে পারবেন না। খালেদা জিয়ার ভাগ্য নির্ধারণ করার আপনারা কারা? খালেদা জিয়ার রায় দেন অর্ধেক হাইকোর্টের বিচারকরা, আর অর্ধেক দেন আওয়ামী লীগের নেতারা। যারা খালেদা জিয়ার ভাগ্য এমন নির্ধারণ করছেন, একদিন দেশের জনগণ আপনাদের ভাগ্য নির্ধারণ করবে।’

জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরাসহ ১৩টি উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

টাঙ্গাইল: টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারিপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম।

মানববন্ধনে আযম খান বলেন, ‘আমাদের আন্দোলন-সংগ্রাম জনগণের মুক্তির জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আজকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা ২০১৪ সালে দেখেছি নির্বাচন ছাড়া এই সরকার ক্ষমতায় এসেছে। এরপর ২০১৮ সালে দেখেছি, দিনের ভোট আগের রাতে লুট করে নিয়ে গেছে। আবার নতুন করে সরকার ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় নির্বাচনে কীভাবে জনগণের অধিকার বঞ্চিত করে লুট করা যায়, সেই ষড়যন্ত্র করছে সরকার।’

বিএনপি-৩
মানিকগঞ্জে বক্তব্য দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান
মানিকগঞ্জ: শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ‘সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। সরকার যদি উন্নয়ন করে দেশকে ভাসিয়ে দিয়ে থাকে, তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় কেন? তারা যদি দেশের উন্নয়ন করে থাকে, তাহলে জনগণ তাদের ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে। কিন্তু তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না। কারণ, তারা জানে জনগণের সমর্থন তারা হারিয়েছে। তারা এখন নতুন পন্থায় জোর করে নির্বাচনে জিতে পুনরায় সংসদে যেতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আর তা হতে দেবে না।’

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান। এটি সঞ্চালনা করেন জেলা বিএনপি নেতা গোলাম কিব‌রিয়া সাঈদ। এতে আরও বক্তব্য দেন জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা বিএনপির সহসভাপ‌তি আজাদ হোসেন খান ও আবদুল বা‌তেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ