আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল:তদন্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল:তদন্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ করেন বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়কের দায়িত্বে থাকা সালাহ উদ্দিন খান।

লিখিত অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের দেড় দশকে বিএনপির নেতাকর্মীদের গুম ও হত্যা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় দলীয় কর্মী-সমর্থকদের হত্যার ঘটনায় দলটির পক্ষ থেকে অভিযোগ করার পরও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তদন্ত করে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারও করা হচ্ছে না। তাই দলটি পুনরায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করছে।

অভিযোগে আরও বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সহায়তায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বছরের পর বছর গুম করে রেখে হত্যা করা হয়। এখন পর্যন্ত অনেকেই নিখোঁজ। এভাবে বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার জন্য ২ হাজার ২৭৬ জনকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করা হয়। মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি। কিন্তু এখন পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে বিএনপির কাছে প্রতীয়মান হচ্ছে।

২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৮৪৮ জন শহীদের মধ্যে ৫২৬ জনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক বলেও লিখিত অভিযোগে দাবি করা হয়।

গুমের ঘটনায় পৃথক ৯টি অভিযোগ করেছে বিএনপি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ অনেকের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

পৃথক ৯টি অভিযোগ অনুযায়ী ২০১০ সালে খাগড়াছড়ির মহালছড়ি থেকে আবু সালাম, ২০১১ সালে শাহবাগ থেকে আমিনুল ইসলামকে, গুলিস্তান থেকে বশির উদ্দীনকে, মিন্টু রোডের ডিবি অফিসের সামনে থেকে মিন্টু হাসানকে, ২০১২ সালে গাজীপুরের জয়দেবপুর থেকে মাসুদকে (মৃদুল), ২০১৪ সালের নারায়ণগঞ্জ থেকে নুরু মিয়াকে, ২০১৫ সালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে এসএম শিহাবুদজ্জামানকে (পাভেল), ২০১৭ সালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শাহ আলম তালুকদারকে এবং ২০১৮ সালে শ্যামলী থেকে আহমেদ হৃদয়কে গুম করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ