আমরা আল্লাহ্ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না : জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা আল্লাহ্ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ

 

আমরা আল্লাহ্ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করব না- এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই ইসলামী জলসা বা তাফসির মাহফিলে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনা হবেই।’

আজ সোমবার জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাহফিলে আলেম-ওলামা রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারবেন না কেন- এমন প্রশ্ন রেখে সাবেক এই মন্ত্রী বলেন, ‘মাহফিলে রাজনৈতিক আলোচনা হলেই একটি মহল বন্ধ করে দিতে চায় কেন? তারা মাহফিলে বাধা দেওয়ার কে? আসলে, একটি চক্র আলেম-ওলামাদের নাজেহাল করতে চায়। পাড়ায়-পাড়ায় মাফিয়াদের মতো গ্রুপ তৈরি হয়েছে। তারা মাহফিলের স্টেজ ভেঙে দিতে চায়। মাহফিলে সত্যের পক্ষে কথা হলেই একটি মহল উত্তেজিত হয়ে পড়ে। আসলে তারা সত্যকে ভয় পায়, অন্ধকার ঘরে নিজেকেও ভয় পায় মহলটি। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি।

এমন মনোবৃত্তি তৈরি করা হয়েছে, দাড়ি-টুপি দেখলেই যেন জঙ্গি বা সন্ত্রাসী এ কথা উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অথচ দেশের মানুষ দাড়ি-টুপি এবং পাগড়ি পরে অন্য ধর্মাবলম্বিদের বিপদে পাশে দাঁড়ায়। একই মাঠের দুপাশে মসজিদ ও মন্দির আছে। সময়মতো যার যার উৎস ও ধর্মীয় রীতিনীতি পালন করছেন, কোনো সমস্যা হচ্ছে না। অনেক দেশে শিয়া-সুন্নি দ্বন্দ্ব আছে কিন্তু আমাদের দেশে কোনো সংঘাত নেই। এটাই অসাম্প্রদায়িকতা। ইসলাম সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি অসাম্প্রদায়িক জাতি। আমাদের জাতিগত ঐক্য আছে। কোনো ষড়যন্ত্রেই আমাদের ঐক্য নস্যাৎ করতে পারবে না।’

জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক ড. ইরফান বিন তোরাব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম আল জুবায়েরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, মুফতি ফিরোজ শাহ, রুহুল আমিন, মো. আব্দুর রব, ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, আব্দুর রহিম, মুফতি কামরুল হাসান, নাজমুল হুদা সারোয়ার, নাজমুল হাসান, এসএম আনিসুর রহমান, শফিকুর রহমান, ডা. মো. আব্দুস শুক্কুর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ