আ'লীগ দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে : আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৫, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশীদের ওপর ভর করেছে বিএনপি’ আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে সাংবাদিকের তিনি বলেন, আমরা তো কখনো বলিনি যে তলে তলে সবকিছু ম্যানেজ করে নিয়েছি। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তারেক রহমান সবচেয়ে ডায়ানেমিক লিডার। কারো ওপর নির্ভর করতে হবে না বিএনপিকে। যারা নির্ভরশীল তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে। কারণ তারা দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে।

তিনি সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর কাজির দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের একদফার আন্দোলনকে আরো বেগবান করার লক্ষে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক।

‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা করে একটি উপায় বের করা উচিত’ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, এখানে আওয়ামী লীগ বিএনপি বিষয় না। বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার বিষয়। তার ভোটাধিকার ফিরে পাওয়ার বিষয়। এখানে কোনো দলের বিষয় না। সেটা একমাত্র সম্ভব আজ জাতীয় ঐক্যের মাধ্যমে।

তিনি বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটা আওয়ামী লীগ এককভাবে বাতিল করেছিল। সেটা ফেরত এনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। কাদের মধ্যে সমঝোতা হবে এটা কোনো আলোচনার বিষয় না। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। ভোটাধিকার ফিরে পাওয়ার একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। একমাত্র সমঝোতা হবে বাংলাদেশের মানুষের প্রতাশা প্রয়োগে।

আমীর খসরু বলেন, বলেছিলাম ৫ অক্টোবর চট্টগ্রামের রোড মার্চে সুনামি হবে। সেদিন চট্টগ্রামের মানুষ দেখিয়ে দিয়েছে। সুনামির থেকেও বেশি কিছু করেছে। চট্টগ্রামে সেদিন মানুষের ঝড় তুলেছে। আমাদের আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য, মানুষের জন্য ও গণতন্ত্রের মুক্তির জন্য।

সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি।’ এই স্লোগান এখন বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে। আমাদের এক দফার আন্দোলন হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে। নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। শেষ পর্যন্ত লড়তে হবে। আমরা প্রয়োজনে প্রতিরোধ করব। জীবন দিয়ে হলেও এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

বিশেষ অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন, বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে মানুষ জেগে ওঠেছে। সারাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে চায়। দেশের মানুষ আন্দোলনমুখী। আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

গোলাম আকবর খোন্দকার বলেন, বাংলাদেশের মানুষ এখন হুমকির মধ্যে আছে। এই হুমকি থেকে বাঁচতে হলে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। বিএনপির এক দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার হবে। যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

এস এম ফজলুল হক বলেন, দেশের গণতন্ত্র লুণ্ঠিত হয়ে গেছে। বাংলাদেশ এখন চরম সঙ্কটে পতিত হয়েছে। এ সঙ্কট থেকে উদ্ধার করতে হলে অবৈধ সরকারকে পতন করতে হবে। তাই আরো কঠিন কর্মসূচি দিতে হবে।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, উপজাতিবিষয়ক সম্পাদক মিসেস মা ম্যা চিং, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী।

বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতিবিষয়ক সম্পাদক কর্নেল মনিষ দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হুম্মাম কাদের চৌধুরী, মশিউর রহমান বিপ্লব, মামুনুর রশিদ মামুন, সাথী উদয় কুসুম বড়ুয়া, লক্ষীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দীন সাবু, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ফেনী জেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক।

উপস্থিত ছিলেন মহানগর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ