আ.লীগ আমলের হেলমেট বাহিনীই এখন গুপ্ত বাহিনী: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিগত আওয়ামী শাসনামলে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতনে জড়িত ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’ হিসেবে সক্রিয় হয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বাহিনীর সদস্যরা নতুনভাবে সংগঠিত হয়ে বিভিন্ন স্থানে মব সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আমরা ‘প্রভুত্বে’ নয়, ‘বন্ধুত্বে’ বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি কোনো মন্ত্রী-এমপি বা মেয়রের দল নয়; এটি কর্মীদের দল। কর্মীরাই দলের প্রাণশক্তি।’
ভূমিমন্ত্রী জানান, ভূমি মন্ত্রণালয়ের অধীনে থাকা খাস জমি দখল করে দলীয় অফিস করার সুযোগ থাকলেও বিএনপি তা করবে না। বরং বৈধভাবে জায়গা ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলনসহ দলীয় অন্যান্য নেতারা।
জনতার আওয়াজ/আ আ