‘আ.লীগ সরকারকে ক্ষমতায় রাখতেই ১৫০ আসনে ইভিএম’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘আ.লীগ সরকারকে ক্ষমতায় রাখতেই ১৫০ আসনে ইভিএম’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৪, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতেই আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে কমিশন (ইসি)। তিনি বলেন,‘সরকার ৩০০ আসনে ইভিএম চেয়েছিল, কমিশন সমঝোতার মাধ্যমে অর্ধেক আসনে সরকারের সঙ্গে রফা করেছে। এর মাধ্যমে এটিই প্রমাণিত হলো, নির্বাচন কমিশন সরকারের হয়েই কাজ করছে।’

১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।

নির্বাচন কমিশন নিয়ে বিএনপি ভাবছে না- জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, অবৈধ এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। এর কোনও বিকল্প নেই। জনগণের অধিকার হরণ করে সব প্রতিষ্ঠান ধ্বংস করে জবরদখল করে ক্ষমতায় টিকে আছে বর্তমান আওয়ামী লীগ। তারা কথা বলে একরকম, কাজ করে অন্যরকম। প্রধানমন্ত্রী বললেন, সভা-সমাবেশ করতে দেবেন, অপরদিকে ভোলায় দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আজকের এই অবস্থানে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে জাতীয়তাবাদকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু গণমানুষের দল বিএনপি আবার খালেদা জিয়ার নেতৃত্বে জেগে উঠেছে। যদিও আমাদের নেত্রী কারান্তরীণ হয়ে আছেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। সরকার পরিবর্তন না হলে কোনও কমিশনের অধীনেই নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বুঝতে পারছি, সরকারের সঙ্গে ইসির সমঝোতা হয়েছে। যার মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ইভিএমে ভোটের মাধ্যমে ইসি সরকারের ইচ্ছার চূড়ান্ত প্রতিফলন ঘটাবে। বিএনপি এসব ইভিএম মানে না। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে এবং সে নির্বাচন হবে ব্যালটে।

যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান,দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ