ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সোনারগাঁয়ে তিতুমীর কলেজের ছাত্রদের উপর হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সোনারগাঁয়ে তিতুমীর কলেজের ছাত্রদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১২, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম সিটিতে বেড়াতে গিয়ে সহপাঠীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সরকারী তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। বেড়ানো শেষে শনিবার (১১ মার্চ) রাতে ঢাকা ফেরার সময় পানাম নগরীর পাশে আমিনপুর মাঠে তারা হামলার শিকার হন।
এসময় হামলাকারীরা শিক্ষার্থীদের বাস ভাংচুর করলে ভাঙ্গা কাঁচের টুকরোর আঘাতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মাসুদ রানা, সুপ্তি, হৃদয়, ইমরান, খুশি আক্তার, মিঠুন মিয়া, রাত্রি, নুসরাত জাহান, আদিল, রাফি, খালেক, শফিকুল, আমজাদ, রিফাত ও বায়েজিদ এর নাম জানা গেছে। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ইমরান ও রাফির অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়া জানিয়েছে, সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থী নিজস্ব ব্যবস্থাপনায় সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও ঐতিহাসিক পানাম নগরীতে বেড়াতে যান। তবে শিক্ষার্থীদের সাথে কোন শিক্ষক বা অভিভাবক ছিলেন না।
শনিবার সারাদিন বেড়ানো শেষে সন্ধ্যায় ঢাকা ফেরার পথে ওই কলেজের মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে স্থানীয় সন্ত্রাসী কর্র্র্তৃক ইভটিজিংয়ের শিকার হন। এসময় তাদের সহপাঠী ছেলে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় ১০-১৫ জনের একদল বখাটে যুবক ওই শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে।
তাদের এলোপাতাড়ি মারধর করে এবং তাদের বাস ভাংচুর করে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীরা ৯৯৯ নম্বরে কল দিয়ে হামলার অভিযোগ করলে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এবং দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, হামলার ঘটনায় ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে শিক্ষার্থীরা হামলাকারীদের চিনতে না পারায় তাদের এখন পর্যন্ত তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে অজ্ঞাতনামা যুবকদের আসামী করে মামলা দায়ের হয়েছে। আশা করি দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ