এই সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার স্কুল: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার স্কুল: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রধানের নিকট আত্মীয়রা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। তাই সরকার অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করছে না। দেশে কোথায় উন্নতি হয়েছে? আছে শুধু জনজীবনে অস্থিরতা ভোগান্তি, যানজট আর লুটপাট।

তিনি বলেন, এই সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার স্কুল, ব্যাংক ডাকাতির স্কুল আর সন্ত্রাসি বানানোর স্কুল।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তাকে বাউল সম্রাট আখ্যা দিয়ে বলেন, উনি সকাল-সন্ধ্যা সাংবাদিকদের সামনে বাউল সঙ্গীত গান। গানে দেশের কোনো কথা নেই, শুধু বিএনপি আর বিএনপি। তিনি বলেন- “ভোলায় আগে ছাত্রদল হামলা করেছে। তারা হামলা করলে কি পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে”। আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণেই পুলিশ আজ বেপরোয়া। রাজপথে ফয়সালা হবে। আন্দোলনের উত্তাল ঢেউয়ে আপনার পুলিশ দেখবে জনগণ কি জিনিস।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এরপরে আমাদের আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হবে। এই আন্দোলন জোরে সোরে ডানদিকে গণভবনের দিকে এবং বাম দিকে বঙ্গভবনের দিকে।এই দুই ভবন দখল করলেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে। বাক-স্বাধীনতা ফিরে আসবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ