মৌলভীবাজারে বিশেষ অভিযানে চাকরিচ্যুত সেনা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মৌলভীবাজারে বিশেষ অভিযানে চাকরিচ্যুত সেনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১৫, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১৫, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তাকে উপজেলার বোবারথল ষাইটঘরি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫ মে) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।

গ্রেপ্তারকৃত রাহেদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে। বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রাহেদ।

পুলিশ আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এবং পূর্বঘোষিত রেড এলার্ট কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বড়লেখা থানার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ গোপন অভিযান পরিচালনা করে।

দীর্ঘ প্রায় ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) বেলা আড়াইটায় বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে যাচাই-বাছাইয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্তৃক তদন্তাধীন একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসি’র নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
এছাড়াও রেড এলার্ট জারির পর থেকে সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করছিল বলে জানায় পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ