একুশে বইমেলায় হাসিনাকে নিয়ে ‘ফেরাউন কর্নার’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলছে অমর একুশে বই মেলায় স্বৈরাচারী শাসনের প্রতিবাদী প্রতীক হিসেবে প্রদর্শন করা হয়েছে ‘ফেরাউন কর্নার’ ও ‘ঘৃণাবাণ’।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) আম বাগানে অনুষ্ঠিত বই মেলায় এমনটি দেখা যায়। মেলায় প্রদর্শিত ‘ফেরাউন কর্নার’টি মূলত বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
কর্নারের ওপরে ‘ফ্যাসিবাদকে ঘৃণা করো’ কথাটি লেখা, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এর সাথে শেখ হাসিনাকে লক্ষ্য করে উদ্ধৃত রয়েছে, ‘গুম হয়েছে কত মানুষ, শহীদ কত মায়ের পুত/ রক্ত দিয়ে অজু করে, পড়ত খুনী তাহাজ্জুদ’। এছাড়াও শেখ হাসিনার ছবি সম্বলিত ‘ঘৃণাবাণ’ কর্নারে শান্তিমিত্রের লেখা একটি উক্তি স্থান পেয়েছে: ‘এ জগতের তাবৎ ঘৃণা, বর্ষিত হোক তোর উপর/ জাহান্নামের কীট তুই, অগ্নিতে ভরুক তোর উদর।’
এখানে শেখ হাসিনাকে একটি রাক্ষসের রূপে উপস্থাপন করা হয়েছে, যার ওপরে লেখা রয়েছে ‘ফেরাউন কর্নার’। এতে লেখা রয়েছে: ‘খুনিকে না বলুন, একটি অক্ষরের জন্য, যারা জীবন দিতে জানে/ অধিকার কাইরা নিলে, ক্যামনে তারা মানে!’
শিক্ষার্থীরা বলছেন, এটি পতিত সরকার শেখ হাসিনার অন্যায়-অবিচারের বিরুদ্ধে ‘ঘৃণাসূচক’ প্রতিবাদ। ভবিষ্যতে আর কোন শাসক ফেরাউনের মতো হয়ে না উঠুক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।
লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী চঞ্চল মন্ডল বলেন, ‘আমি মনে করি এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই-আগস্টের ক্ষতগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান রাজনৈতিক দলগুলোকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। আগামীতে রাজনৈতিক দলগুলোকে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারলে, ভবিষ্যতে তারা জনরোষের শিকার হতে পারে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘বিগত ১৬ বছরে পুরো বাংলাদেশকে ফেরাউনের কায়দায় হত্যা, নির্যাতন, গুম, খুন চালিয়েছে পতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। এমন কোন হীন কাজ নেই যা সে করেনি। জুলাই-আগস্টে ছাত্র জনতার বিপ্লবে হাসিনার পতন হয়। এই কর্নারের মাধ্যমে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার ঘৃণিত কর্মকাণ্ডের নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে।’
উল্লেখ্য, এবারের বই মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন বিভাগ এবং সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে মোট অর্ধশত স্টল রাখা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ