এক মাসে হাম ও উপসর্গে দুই শতাধিক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
গত এক মাসে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মার্চ) পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৬ শিশু।
তবে বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে জেলা পর্যায়ে থেকে জানা গেছে।
এ সময় হামের উপসর্গ নিয়ে ১৯ হাজার ১৬১ জন শিশু চিকিৎসার জন্য হাসপাতালে আসে। তাদের মধ্যে ১২ হাজার ৩১৮ জনকে ভর্তি করা হয়। ভর্তি রোগীদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং বাকি দুজন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে ৬৬৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময় সবচেয়ে বেশি ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৩ জনের শরীরে হাম পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে ৬৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট বিভাগে (৩০ জন) এবং ময়মনসিংহ বিভাগে (১ জন)।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
জনতার আওয়াজ/আ আ