এবার এনসিপির সেই নেত্রীকে দলের সব পদ থেকে অব্যাহতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার এনসিপির সেই নেত্রীকে দলের সব পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে এবার দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। সোমবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক পদে ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।

ওই নোটিশ প্রদানের পর আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাড. আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

জানা যায়, এর আগে গতকাল রবিবার রবিবার অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সেসব মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা এবং কেন আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ