এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৯, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের নির্বাচন পরিবেশ যথেষ্ট সহায়ক এবং এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। সভায় রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের নির্বাচন প্রস্তুতি, নিরাপত্তা ও কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, “আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার— সকলেই নির্বাচনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মধ্যে সুনির্দিষ্ট মানসিকতা রয়েছে। এবারের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো।”

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই। তবে নির্বাচনের সহজতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সকলকে সহযোগিতা করতে হবে। মাছউদ স্পষ্টভাবে বলেন, “নির্বাচনের প্রতিকূলে গেলে আমরা তা প্রতিহত করব। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকেও তাদের দায়িত্ব পালনে সক্রিয় হতে হবে।”

নির্বাচন কমিশনার মাছউদ উল্লেখ করেন, দেশের রাজনৈতিক পরিবেশ এবং ভোটের সংস্কৃতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মানছেন। তাদের পোস্টার অপসারণ, সফর বাতিলসহ বিভিন্ন পদক্ষেপই এর প্রমাণ।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যেসব বক্তব্য বিনিময় হচ্ছে, তা ভোটযুদ্ধের অংশ এবং রাজনৈতিক কৌশল হিসেবে দেখা উচিত। “আমরা দেশের সকল প্রকার সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাই। বিশেষত শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই কালপ্রিটকে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ার আওতায় আনা হবে।”

সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর জেলার দায়িত্বশীল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণও সভায় অংশ নেন।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ