কারিগরি শিক্ষার্থীদের রাজধানীর সাত রাস্তা মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সোয়া ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।
এর আগে গতকাল মঙ্গলবার কারিগরি শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, আজ বুধবার দেশব্যাপী ‘বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি’ পালন করবে কারিগরি ছাত্র আন্দোলন। সে সময় তাঁরা আরও জানান, এই অবরোধে সব পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশ নেবে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে তেজগাঁওয়ের সাতরাস্তার সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন তাঁরা।
শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল, তাঁদের পদবি পরিবর্তন ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বাতিল, উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা।
৩. উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৪. কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ ও আইনানুগভাবে নিশ্চিত করা। এসব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।
৬. উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম চালুর মাধ্যমে শতভাগ আসনে ভর্তির সুযোগ নিশ্চিত করা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাতরাস্তা মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাতরাস্তা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারিগরি শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে আমরা বিকল্প পথগুলোতে যান চলাচলের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি, তাঁরা কিছুক্ষণ থেকে সড়ক ছেড়ে দেবেন বলে জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ