কারিনাকে ইউনিসেফ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কারিনাকে ইউনিসেফ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৫, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৫, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
দশ বছর ধরে UNICEF-এর সঙ্গে কাজ করে এবার রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বেবোর নতুন ইনিংসের জন্য বেজায় খুশি পরিবার এবং বন্ধুমহল। এবার মার্কিন মুলুক থেকেই কারিনাকে ইউনিসেফ পরিবারে স্বাগত জানালেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যিনি নিজেও দীর্ঘ দু দশক ধরে ইউনিসেফ-এর সঙ্গে কাজ করছেন। এবং বর্তমানে ‘গ্লোবাল অ্যাম্বাসাডর’-এর দায়িত্ব সামলাচ্ছেন।

বিগত দশ বছর ধরে ইউনিসেফ-এর সঙ্গে কাজ করছেন বেবো। শুরুটা হয়েছিল সেই ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার সেই পদ থেকেই উত্তরণ। হয়ে গেলেন ইউনিসেফ-এর ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর। শনিবার (৪ মে) নিজেই ইনস্টাগ্রামে সেই গর্বের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন কারিনা। সেই খবর শেয়ার করেই কারিনা কাপুর খানকে শুভেচ্ছায় মুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। ‘দেশি গার্ল’ নিজের ইনস্টা স্টোরিতে লিখেছেন, “UNICEF পরিবারে তোমাকে স্বাগত কারিনা। একদম যোগ্য দায়িত্ব।” পালটা বেবোও প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়ে বললেন, “অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, খুব শিগগিরিই দেখা হচ্ছে।” ২০০৬ সাল থেকে ইউনিসেফ-এর সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা। ২০১০ সালে ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর ২০১৬ সালে চাইল্ড রাইটস-এর জন্য ‘গ্লোবাল ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসাডর’ হিসেবে নিযুক্ত হয়েছেন ‘দেশি গার্ল’। সেই পরিবারেই এবার কারিনাকে পেয়ে উচ্ছ্বসিত তিনি।

ইউনিসেফ-এর সেলিব্রিটি অ্যাডভোকেট তথা দূত হিসেবে আয়ুষ্মান খুরানাও শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন কারিনা কাপুরের সঙ্গে কাজ করার জন্য তিনিও মুখিয়ে রয়েছেন। নবাব বেগমের মুকুটে নতুন পালক জোড়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু মালাইকা অরোরা, অমৃতা অরোরা থেকে অর্জুন কাপুর, বড় ননদ সাবা আলি খান প্রমুখ।

বলিউডে দু দশক কাটিয়ে ফেলেছেন কারিনা কাপুর খান। অভিনেত্রী, দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের ‘শেষ বেগম’ ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। এবার যে তাঁর কাঁধে আরও বড় দায়িত্ব ইউনিসেফ-এর রাষ্ট্রদূত হিসেবে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। নতুন দায়িত্ব পেয়ে আবেগাপ্লুত কারিনা কাপুর লিখেছেন, “আমার জন্য খুব আবেগের একটা দিন। UNICEF-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য। গত দশ বছর ধরে কাজ করছি ইউনিসেফ-এর সঙ্গে। বিগত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি রোজ অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব।” বেবোর সংযোজন, “প্রতিটি শিশুর সুস্থ শৈশব, ন্যায্য সুযোগ, একটি ভালো ভবিষ্যত প্রাপ্য।”

তেইশ সালই ঘুরিয়ে দিয়েছে কারিনা কাপুরের ভাগ্যচক্র। ‘জানে জান’ সিরিজের সুবাদে দর্শক অনুরাগীদের নজর কাড়ার পাশাপাশি সিনেসমালোচকদের তরফেও দারুণ প্রশংসিত হয়েছিল বেবোর অভিনয়। তার পরই কারিনার ঝুলিতে এসেছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমা। যেখানে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। বিগ বাজেট দক্ষিণী ছবি ‘টক্সিক’-এর প্রস্তাবও এসেছিল তাঁর কাছে। তবে যশের বিপরীতে অভিনয় করার অফার নাকচ করেছেন অভিনেত্রী। ২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু সুপারফ্লপ সেই ছবিতে কারিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সমস্ত লাইমলাইট কেড়েছিলেন আমির খান। তবে ২০২৩ সালে ‘জানে জান’-এর দৌলতে নজর কাড়া প্রত্যাবর্তন কারিনার কাপুরের। এবার ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কাপুরকন্যা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ