কাল থেকে অনলাইনে জামিননামা, এক ক্লিকে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছাবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে সাধারণত ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এসব ধাপের মধ্যে কিছুতে খরচ এবং হয়রানির মুখোমুখি হতে হয়। আগামীকাল থেকে এই প্রক্রিয়া অনলাইনে করা হবে, যার ফলে জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পাঠানো যাবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,
“আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেক সংস্কার করেছি। কোনো সহযোগিতা ছাড়াই এই অনলাইন জামিননামা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছাবে—এক ক্লিকেই।”
ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন, সরকারকে নিজেদের তহবিল ব্যবহার করে গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব। তিনি বলেন, “আমাদের আইজিআর অফিসে ১৫০০ কোটি টাকা আছে। আমরা নিজস্ব তহবিল ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।
আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় ও অন্যান্য আইনগত সংস্কারও আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।
জনতার আওয়াজ/আ আ