কুমিল্লায় বিএনপির গণসমাবেশ, সকালেই পরিপূর্ণ কুমিল্লার টাউনহল মাঠ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ, সকালেই পরিপূর্ণ কুমিল্লার টাউনহল মাঠ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৬, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ

 

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই টাউনহল মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল। মাঠে জায়গা না পেয়ে সড়কেও অবস্থান নিয়েছেন অনেকে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে টাউনহল মাঠে এমন চিত্র দেখা গেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টায় মঞ্চে আসবেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার(২৫ নভেম্বর) সন্ধ্যায় তিনি কুমিল্লায় এসে পৌঁছান।

এদিকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ কুমিল্লার দূরের উপজেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুমিল্লায় এসে অবস্থান নেন। স্লোগান আর বিপ্লবী গানে মুখরিত ছিল টাউনহল মাঠ।

জেলার নাঙ্গলকোট থেকে আসা নুর হোসেন নামে এক যুবদলকর্মী গণমাধ্যমে বলেন, ‘বাংলার মানুষের অধিকার আদায়ে তিনদিন আগে কুমিল্লায় এসেছি। ভাতের অধিকার, বাঁচার অধিকার এবং স্বাধীনতার অধিকার নিয়ে বাড়ি ফিরে যাবো।’

চাঁদপুর জেলা বিএনপি নেতা আব্দুল কাদের বলেন, ‘শুক্রবার সকালে আমার নেতৃত্বে ১০ হাজার নেতাকর্মী এসেছে। আমরা সারা রাত সমাবেশস্থলেই কাটিয়েছি।’

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া বলেন, ‘কুমিল্লায় হবে সর্ববৃহৎ সমাবেশ। যা কুমিল্লার মাটিতে এর আগে কেউ দেখেনি। এ সমাবেশ হবে দেশের সর্ববৃহৎ সমাবেশ। যার প্রমাণ শুক্রবার দুপুর থেকেই দেখা যাচ্ছে।’

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এটি অষ্টম বিভাগীয় গণসমাবেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ