কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২২, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২২, ২০২২ ১:৪১ অপরাহ্ণ

 

কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে নগরীর সোনালী ব্যাংক চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ শুরু হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ শুরু হওয়ার কথা ছিল। এদিন ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীর সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। নেতাকর্মীদের ভিড় সমাবেশস্থল ছাপিয়ে আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দিতে শুক্রবার রাতেই খুলনা পৌঁছেছেন বিএনপি মহাসচিবসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাও খুলনায় অবস্থান করছেন।

এদিকে সমাবেশের আগে খুলনায় দু’দিনের ধর্মঘট ডেকেছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন। নছিমন-করিমন-ভটভটিসহ সব ধরনের যান চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

বাসের পাশাপাশি খুলনায় লঞ্চ, ট্রলার, এমনকি ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এসব বাঁধা উপেক্ষা করেও সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহের পর আজ খুলনা বিভাগীয় শহরে দলটির তৃতীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ