ক্যারিয়ারে ট্রোল ও ব্যর্থতা নিয়ে মুখ খুললেন ভূমি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৫২ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
বলিউডে বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ভূমি পেড়নেকার। ২০১৫ সালে ‘দম লাগা কে হাইসা’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় যাত্রা শুরু করেন। অভিষেকেই চরিত্রের প্রয়োজনে শরীরের ওজন বাড়িয়ে স্থূলকায় এক নারীর ভূমিকায় পর্দায় এসে তাক লাগিয়ে দেন সবার। এরপর আরও বেশ কিছু সিনেমায় নিজের অভিনয় দিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন এ তারকা।
তবে বর্তমানে তার ক্যারিয়ার খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি ইন্ডিয়া টুডে মুম্বাই কনক্লেভে উপস্থিত হয়ে ট্রোল, জীবনের চাপ এবং ব্যর্থতার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন ভূমি।
‘পতি পত্নী অউর ওহ’-খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘অনলাইনে বুলিং এবং ট্রোলের মুখোমুখি হওয়া এখন স্বাভাবিক হলেও, যখন বিশেষভাবে নারীদের লক্ষ্যবস্তু করা হয়, তখন তা সামলানো কঠিন হয়ে যায়। প্রতিদিন সাহস নিয়ে জেগে ওঠা সম্ভব নয়। তবে ট্রোলের মুখোমুখি দাঁড়াতে হলে নিজের ভেতর থেকেই শক্তি খুঁজে নিতে হয়।’
ভূমি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এত সমালোচনা ও মতামতের ভিড়ে টিকে থাকার পেছনে তার উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে ছবির খারাপ ফলাফল তাকে ভেঙে দিয়েছে বলে উল্লেখ করেন এ অভিনেত্রী। তার ভাষায়, ‘যখন কোনো ছবি বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরেও বক্স অফিসে ভালো আয় করতে পারে না, তখন খুব কষ্ট লাগে। আমাকে এমন পরিস্থিতির ভেতর দিয়েও যেতে হয়েছে। তখন নিজেকে খুব একা লাগে। এই সময়গুলোই আমাকে বুঝতে সাহায্য করেছে যে, এখানে হাল ছাড়লে চলবে না। আমাকে এগিয়ে যেতে হবে।’অভিনেত্রী জানান, তিনি ব্যর্থতার কাছে হাল ছেড়ে দেওয়ার মানুষ নন। নিজের শক্তির ওপর ভরসা করেই তিনি এগিয়ে যান। ভূমি বলেন, ‘আমাকে নিজেরই নিজেকে তুলে ধরতে হয়, কারণ আমি একটি বাস্তুতন্ত্রকে সমর্থন করি। আমার প্লেটে অন্য কেউ রুটি-মাখন রাখছে না, আমার নিজেকেই রাখতে হয়।’ তার মতে, ট্রোল ও ব্যর্থতার অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছে এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।
জনতার আওয়াজ/আ আ