ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শরীয়া আইন চালুর চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে দলটির পক্ষ থেকে নির্বাচনে আসন সমঝোতা সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ক্ষমতায় গেলে শরীয়া আইন চালু করবেন কিনা এমন প্রশ্নের জবাবে গাজী আতাউর রহমান বলেন, “আমাদের কথা হলো আমরা চেষ্টা চালাবো। চেষ্টা করা আমাদের দায়িত্ব। যদি আমরা চেষ্টা না করি, আগেই যদি নিয়ত ঠিক না থাকে, আর আমরা তো ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য। এখন যদি ইসলাম আমাদের কাছে অচল মনে হয়, তাহলে আমরা কেন এগোবো? তাহলে তো সেক্যুলার রাজনীতি করাই ভালো।”

দেশের প্রচলিত সংবিধান ও আইন মানার বিষয়ে তিনি বলেন, “না, শোনেন—মানতে বাধ্য হওয়াই আমাদের অবস্থান। আমরা অনেক নিয়ম-কানুন জানি, অনেক আইন মানতে বাধ্য হয়েছি। তবে এগুলো পরিবর্তনের সুযোগও থাকে। যদি আমাদের শক্তি-সামর্থ্য থাকে, আমরা নিয়মতান্ত্রিকভাবে এগুলো পরিবর্তন করব।”

তিনি আরও বলেন, “আমাদের নীতি ও আদর্শের সঙ্গে যারা সংহতি প্রকাশ করবে এবং আমাদের ‘ওয়ান বক্স পলিসির’ পক্ষে থাকবে, তাদের আমরা পাশে রাখব। ভবিষ্যতে কী হবে তা এখন বলা সম্ভব নয়, আজ পর্যন্ত আমাদের অবস্থান এটাই।”

ওয়ান বক্স পলিসি নিয়ে ইসলামপন্থী দলগুলো ও সমর্থকদের মধ্যে অনলাইনে বাকযুদ্ধে মন্দ ভাষা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও শিষ্টাচারবহির্ভূত আচরণ করব না। সবসময় শালীনতা বজায় রাখব। আমরা যাদের সঙ্গে কাজ করেছি, তাদের প্রতি আমরা অশ্রদ্ধা দেখাবো না। তাদেরও আমরা আহ্বান জানাচ্ছি শালীন থাকুন।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ