ক্ষমতাসীনদের দাপটে মানুষ চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতাসীনদের দাপটে মানুষ চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২২, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২২, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতাসীনদের দৌরাত্ম এবং দাপটে মানুষ চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাই সকল অপকর্মকে আড়াল করতেই ডামি সরকার নতুন করে সরকারী জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামী হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারী নিপীড়ণের শিকার হচ্ছেন।

তিনি বলেন, ‘৭ জানুয়ারীর ডামি নির্বাচনের পর ফ্যাসিষ্ট আওয়ামী কতৃর্ত্ববাদী সরকার আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ।”

শুক্রবার (২২ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে গত ২০ মার্চ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ২২ জন নেতাকর্মী শেরপুর জডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “৭ জানুয়ারীর আওয়ামী ডামি সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর যে জুলুম চালাচ্ছে সেটির আরও একটি কু-নজীর স্থাপিত হলো মাহমুদুল হক রুবেলসহ ২২ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও কারাগারের পাঠানোর মধ্য দিয়ে।

তিনি বলেন, ‘রোজার প্রাক্কালে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী, সুপেয় পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন চড়ামূল্যে যখন মানুষ চোখে অন্ধকার দেখছে তখন অবৈধ আওয়ামী সরকার বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিত্য-নতুন মিথ্যা মামলায় আটকসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের হিড়িক অব্যাহত রেখেছে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে দূর্বিষহ সংকট।

মির্জা ফখরুল বিবৃতিতে মাহমুদুল হক রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ