খালেদা জিয়াকে সিসিইউ থেকে নেওয়া হলো কেবিনে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে সিসিইউ থেকে নেওয়া হলো কেবিনে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সপ্তম তলার কেবিন নেওয়া হয়। তবে শারীরিকভাবে তিনি খুব দুর্বল বলে জানা গেছে।

এর আগে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় সোমবার দিবাগত রাত পৌনে ৪টায় তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে।

গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়েছিল। তাঁর পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাঁকে সিসিইউতে নিতে হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাঁকে কেবিনে নিয়ে আসা হয়।

দু-একদিন পরপরই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা করা হচ্ছে জানিয়ে ওই চিকিৎসক বলেন, প্যারামিটারগুলো ওঠানামা করছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন শারীরিক দুর্বলতা থাকায় মাঝেমধ্যে কিছু ওষুধ খেতে চান না। তাঁকে সব সময় স্যালাইন ও ইনজেকশনের ওপর থাকতে হচ্ছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ