খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ৪টা ২২ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

এর আগে সবশেষ গত মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব।

ওইদিন তিনি দলের নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে রাত ১১টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে গত সোমবারও (২৩ অক্টোবর) খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল।

গত ৯ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

এর আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১০ জুন দিনগত রাত পৌনে তিনটার দিকে খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে ২৪ জুন সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি। এর ঠিক দেড় মাস পর গত ৯ আগস্ট আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

‘বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে বসে চিকিৎসা নিতে হবে’- এ দুই শর্তে অন্তর্বর্তীকালীন মুক্তিতে রয়েছেন খালেদা জিয়া।

২০২০ সালের ২৫ মার্চ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’-এর ধারা-৪০১ (১)-এর ক্ষমতাবলে সরকারের নির্বাহী আদেশে প্রথমবারের মতো শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পান খালেদা জিয়া। ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। এরপর দফায় দফায় বাড়ে তার মুক্তির মেয়াদ। সবশেষ গত ১৮ সেপ্টেম্বর শর্ত অপরিবর্তিত রেখে আরও এক দফা তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে সায় দেয় সরকার।

৭৭ বছর বয়সী খালেদা জিয়া গত দুই বছরের বেশি সময় ধরে গুলশানে তার বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ