খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার, দেশের উন্নয়নে অবদান এবং জনগণের আবেগ ও শ্রদ্ধা বিবেচনায় নিয়ে সরকার তাকে ইতোমধ্যেই রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় নেত্রী ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি দেশের সকল মানুষের জন্যই উদ্বেগজনক। শুরু থেকেই তার অসুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার।

ড. ইউনূস বলেন, সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে।

ভাষণে তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় লাখো শহিদের আত্মত্যাগের ফসল। গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল বীর যোদ্ধা ও শহিদদের স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, তা বিগত বছরগুলোতে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কারণে ম্লান হয়ে পড়ে। তবে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সেগুলো হলো জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন। এসব লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে।

ড. ইউনূস জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছ ও প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে পলাতক শেখ হাসিনা এবং সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ