গণতান্ত্রিক পন্থাকে নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতান্ত্রিক পন্থাকে নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বৈরশাসনের গর্ভে জন্ম নেওয়া বিএনপি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস ও গণতান্ত্রিক পন্থাকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিএনপি মহাসচিবের দুরভিসন্ধিমূলক বক্তব্য এবং নির্লজ্জ মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই চক্রান্তের অংশ হিসেবেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও পরাজয়ের ভয়ে প্রচার প্রচারণায় অংশ না নিচ্ছে না। তারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিষোদগারের মাধ্যমে গণতান্ত্রিক রীতিনীতি বিরোধী আচার-আচরণ করে আসছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, গতকাল অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপির সেই চিরাচরিত রূপ প্রতিফলিত হয়েছে।

মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতাদের চিরায়ত কাল্পনিক নাটকীয় মন্তব্য দেশবাসীকে হতাশ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেমন গণতন্ত্রে বিশ্বাস করে না, ঠিক তেমনি নির্বাচনে অংশগ্রহণ করছে না,আর করলেও তা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে।

নির্বাচনের ফলাফল ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রশ্নবিদ্ধ করা বিএনপির উদ্দেশ্য দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির আসল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। বিএনপির রাজনৈতিক দৈন্যতার দায় দেশের জনগণ,সরকার ও নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেওয়ায় বিএনপির মূল উদ্দেশ্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বিবৃতিতে আরও বলেন, গতকাল কুমিল্লা সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিলো।

“বহুমাত্রিকতা বিএনপির রাজনৈতিক আদর্শ “- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, বহুমাত্রিকতা বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন তা আমার কাছে বোধগম্য নয়। বিএনপিকে আমরা দেখি বিভিন্ন সময় নানা ছদ্মবেশে বহুরূপী হিসেবে পথ চলতে। যাদের সুনির্দিষ্ট কোন রাজনৈতিক মতাদর্শ নেই।

তিনি আরো বলেন, বিএনপি কখনোই বহুত্বের সমন্বয়ে বিশ্বাসী ছিলো না, তাদের জন্মই হয়েছে স্বৈরতন্ত্রের গর্ভে – মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক প্রগতিশীল আদর্শকে ভূলুণ্ঠিত করার মধ্য দিয়ে। বিএনপিই স্বাধীন বাংলাদেশে বহুত্বের সমন্বয়বাদী উদারনৈতিক গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করেছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই বিরোধীমত দমনের লক্ষ্যে নির্বিচারে অত্যাচার- পীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। একুশে আগস্টের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে সমগ্র বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গীবাদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন ও গোষ্ঠী স্বার্থ চরিতার্থেই আবর্তিত হয়েছে বিএনপি রাজনৈতিক আদর্শ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন, গতানুগতিক অপরাজনীতির ধারা পরিহার করে সত্যিকারের গণতান্ত্রিক সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাসী হয়ে পথ চলতে এবং তাতে দেশের রাজনৈতিক, সংস্কৃতি ও গণতান্ত্রিক ব্যবস্থা সমৃদ্ধি হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ