চট্টগ্রামে শীর্ষ এই দুই নেতার বাসায় অভিযান চালায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং সদস্য সচিব আবুল হাশেম বক্করের বাসায় অভিযান চালিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল সোমবার রাতে শীর্ষ এই দুই নেতার বাসায় অভিযান চালায় পুলিশ।
তবে দুই নেতার কাউকেই বাসায় পাওয়া যায়নি। কোতোয়ালি থানা পুলিশের একটি সূত্র বিএনপির শীর্ষ এ দুই নেতার বাসায় অভিযান চালানোর কথা কালবেলাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের বাসায় ও রাত সাড়ে ১১টায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের ওয়ার সিমেট্রি এলাকার বাসায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
অভিযানের সময় বক্কর চৈতন্য গলির বাসাতেই ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাসার জানালা দিয়ে প্রায় খালি গায়ে লাফিয়ে পালিয়ে যান। অন্যদিকে ডা. শাহাদাত এ সময় বাসায় ছিলেন না।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। এদিন বিকেল ৩টার দিকে কাজীর দেউড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি-যুবদলের নেতাকর্মীরা সমাবেশে যাওয়ার পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের বহনকারী একটি গাড়িতে থাকা পুলিশ সদস্যদের বেধড়ক মারধরের ঘটনা ঘটে।
পরে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। এ সময় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি, মোটরসাইকেল, পুলিশ সার্ভিস সেন্টার এবং আশপাশের কয়েকটি দোকান। আগুন দেওয়া হয়েছে পুলিশের মোটরসাইকেলে। এ ছাড়া বিএনপির কর্মীদের হামলায় কালবেলার একটি প্রাইভেটকারসহ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
জনতার আওয়াজ/আ আ