চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২০, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় তিনি এ কথা জানান।

এ সময় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে, কোনোটিই বন্ধ করা হবে না। মানুষের সেবা করাই সরকারের মূল দায়িত্ব। প্রয়োজনে বিদ্যমান বিধি-বিধান পরিবর্তন করে কাজ এগিয়ে নেওয়া হবে। অনিয়ম দূর করে স্বল্প সময়ের মধ্যে কার্যক্রমে গতি আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পাওয়া গেছে, তাদের জীবনমান উন্নয়নে এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঈদের আগে প্রাথমিক পর্যায়ে তা বিতরণ করা হবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকারও করেন তিনি।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি। উন্নয়ন প্রকল্পগুলো যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে মানুষের কাজে লাগে সেভাবেই বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, সময় কম হলেও অল্প সময়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। বিদ্যমান বাজেটের মধ্যেই কার্যকর উন্নয়ন নিশ্চিত করতে হবে। সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পরিকল্পনামাফিক কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সম্পদের অপচয় রোধ এবং মানুষের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের কথাও বলেন।

তিনি আরও বলেন, একসঙ্গে অনেক কাজ হাতে নেওয়ার পরিবর্তে অগ্রাধিকারভিত্তিতে সীমিত সংখ্যক কাজ সফলভাবে বাস্তবায়ন করা গেলে সেটিই হবে প্রকৃত সাফল্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ