চুয়াডাঙ্গায় আম সংগ্রহ কার্যক্রম শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৩, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৩, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

অবশেষে অপেক্ষার অবসান। চুয়াডাঙ্গায় ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহ কার্যক্রম। এর মধ্য দিয়ে বাজারগুলোতে পাওয়া যাচ্ছে মৌসুমের প্রথম দিকের আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম।

বুধবার (১৩ মে) দুপুর ১২টা থেকে শহরের মহিলা কলেজপাড়ার একটি আম বাগানে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

এ সময় স্থানীয় আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী- ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ করা হবে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা ফরমালিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে।

এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শমীম, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, আমচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহসভাপতি আব্দুল করিমসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ