জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান অনেক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট ‘বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১’ এর একমাত্র নারী সদস্যদের নিয়ে গঠিত কন্টিনজেন্ট ‘রোটেশন-১৫’কে শান্তিরক্ষা পদকে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ডিআর কঙ্গো’র রাজধানী কিনশাসার ইনকালে বিএএনএফপিইউ-১ ক্যাম্পে প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে বিএএনএফপিইউ-১ কন্টিনজেন্টের সব সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পরিয়ে দেন জাতিসংঘের স্থিতিশীলকরণ মিশন-মনুস্কো’র পুলিশ কমিশনার মোডি বেরেথ।
পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মোডি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদান অনেক। তাঁরা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। যা প্রশংসার দাবীদার। তাদের এই অংশগ্রহণ এবং যেমন তাদের জন্য গৌরবময় তেমনি আমাদের জন্যও অতি গুরুত্বপূর্ণ। আর নারীর ক্ষমতায়নে একটি আদর্শ উদাহরণ হলো শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত এই নারী কন্টিনজেন্ট। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার্থে জাতিসংঘের দীর্ঘ পথ চলায় বাংলাদেশ পুলিশ শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়া, মোডি তাঁর বক্তব্যে বাংলাদেশ পুলিশের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত, গেল বছরের প্রথম দিকেই রোটেশন-১৫ কিনশাসায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগদান করে। এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার নাজমুন নাহার। ১৮০ জনের রোটেশনটি ১৫তম কন্টিনজেন্ট এবং এটিই বাংলাদেশের একমাত্র শান্তিরক্ষা নারী কন্টিনজেন্ট।
জনতার আওয়াজ/আ আ