জাতীয়তাবাদী শক্তির কাছে সব সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা পাবে: সালাহউদ্দিন আহমদ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয়তাবাদী শক্তির কাছে সব সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা পাবে: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্তরিকভাবে কাজ করবে বলে জানিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি ও সমস্যাগুলো দলীয়ভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তা নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির অন্যতম দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করা হবে এবং সেসব দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান— সবাই এ দেশের সমান নাগরিক। কোনো সম্প্রদায় যেন বৈষম্যের শিকার না হয়, সে লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে। জাতীয়তাবাদী শক্তির অধীনে সব ধর্মের মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বসবাস করতে পারবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সবসময় নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে আসছে। জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের পাশাপাশি দলটি সরাসরি নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন দিয়ে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে থাকে।

তিনি অভিযোগ করে বলেন, ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল নারীর ক্ষমতায়ন ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার প্রশ্নে আন্তরিক নয় এবং কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ কারণে আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

পথসভায় উপস্থিত হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি তাদের এলাকার বিভিন্ন সমস্যা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ধর্মীয় উৎসব পালনের সময় প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য দেন পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সমাজসেবক তিলক বিশ্বাস, পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির আহ্বায়ক এম শাহনেওয়াজ আজাদ, সদস্য সচিব আবদুল মোনাফ এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ