জাতীয় নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই, তবে খরচ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘সংসদ নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তবে নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই।’
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে। বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন ও গণভোট একদিনে করাই ভালো। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই হয়।’
জ্বালানি মন্ত্রণালয় পরিশোধিত তেল আনবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আজ সেটার অনুমোদন দেওয়া হয়েছে। চালের দাম স্থিতিশীল ছিল, আবার কিছুটা বাড়ছে। এজন্য নন বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম আমদানি করা হয় না। দেশের ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর অন্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান প্রশাসন দিয়ে হয় না, রাজনৈতিক সরকার লাগে।’
জনতার আওয়াজ/আ আ