জানা গেল তৃণমূল বিএনপি নির্বাচনে যাবে কি না - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জানা গেল তৃণমূল বিএনপি নির্বাচনে যাবে কি না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে শমসের মবিন এ কথা বলেন।

শমসের মবিন বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দিতে পারব।

বিএনপির সাবেক এ নেতা বলেন, আমরা জ্বালাও-পোড়াও, আগুনসন্ত্রাসে বিশ্বাসী নই। আগুনসন্ত্রাস করে কোনো সমাধান আসে না। একই সঙ্গে আমরা লগি-বৈঠার তাণ্ডবও চাই না।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েকডজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগদান করেন। তবে অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির আহমেদ ছাড়া বাকিরা তেমন পরিচিত নন।

বিএনপির চলমান অবরোধ কর্মসূচির প্রসঙ্গ টেনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি একসময় বিএনপির রাজনীতি করেছি। সবাই জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত নয়। এজন্য সবাইকে ঢালাওভাবে দোষারোপ করা ঠিক হবে না। যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তৃণমূল বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল বিএনপির রাজনীতি এমন হবে- কেন্দ্র যাবে তৃণমূলের কাছে। জনগণের কল্যাণই হবে আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে দলের সিনিয়র ভাইস চেয়ারপার্সন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমানসহ তৃণমূল বিএনপিতে সদ্য যোগদান করা নেতারা বক্তব্য রাখেন।


 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ