জাবি থেকে ঢাকামুখী পদযাত্রায় পুলিশের গুলি-টিয়ারশেল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাবি থেকে ঢাকামুখী পদযাত্রায় পুলিশের গুলি-টিয়ারশেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

জাবি প্রতিনিধি‌

সরকার পতনের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে পদযাত্রায় পুলিশ গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি সাভারের পাকিজা এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সাভারের বিভিন্ন ভবনের ছাদ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ গুলিবর্ষণ করছে। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়া এলাকার প্রায় ৫ হাজার মানুষ যোগ দিয়েছেন। পদযাত্রাটি এখন সাভারের নিউ মার্কেট এলাকায় অবস্থান করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত বাধাবিপত্তি সত্ত্বেও সাভারের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার মানুষকে এ পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছে।

এদিকে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আশেপাশের এলাকার প্রায় ১ হাজার শ্রমিক পদযাত্রায় যোগ দেওয়ার জন্য সাভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা যেকোনো মূল্যে ঢাকার গাবতলী পর্যন্ত যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তারপর সেখান থেকে তারা সম্মিলিতভাবে রাজধানীর উদ্দেশ্য যাত্রা শুরু করবে।

এদিকে আন্দোলনকারীদের ঠেকাতে সাভারের পাকিজা এলাকায় পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বিভিন্ন ছোটখাটো জমায়েত লক্ষ্য করে পুলিশকে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ