জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: সালাহ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের দলগত অঙ্গীকার রয়েছে। তবে সাংবিধানিক সংস্কারগুলো সংসদে নিয়ে যাওয়ার পক্ষে আমরা মতামত দিয়ে আসছি। কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সনদে সই করতে আমরা প্রস্তুত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, দুই-একটা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিলেও রাজনৈতিক দল ও কমিশনের সঙ্গে বেশির ক্ষেত্রেই একমত পোষণ করেছি। কমিশনের প্রস্তাব অনুযায়ী আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের পক্ষে মত দিয়েছি। আর ১০০ সদস্যের উচ্চকক্ষ নিয়েও দ্বিমত পোষণ করিনি। তবে গঠন প্রক্রিয়া ও ধরণ নিয়ে ভিন্নমত দিয়েছি। সে সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছি।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি আছে কিনা—এমন প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমেদ বলেন, অবশ্যই আছে। কারণ ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার সাংবিধানিকভাবেই গঠন হয়েছে। তাই সরকার চাইলে সবকিছু সংবিধান অনুযায়ী করতে পারে।
জনতার আওয়াজ/আ আ