জুলাই স্বৈরতন্ত্র পতনের মাস হতে পারে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ৮, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ৮, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চলতি জুলাই মাস বাংলাদেশের মুক্তির মাস হতে পারে। জুলাই মাস বাংলাদেশের গণতন্ত্রের মাস হতে পারে। জুলাই মাস স্বৈরতন্ত্রের পতনের মাস হতে পারে।
শনিবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত “গণতন্ত্র নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক” আলোচনা সভায় একথা বলেন তিনি।
দুদু বলেন, কোন সরকার যদি কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, অনমনীয় হয়। জনগণ যদি শান্তিতে থাকতে না পারে তাহলে সেই সরকারের পতন অনিবার্য। যেমন এখন যেকোনো মুহূর্তে এ সরকারের পতন হতে পারে। মানুষ হাজারে হাজারে নয়, লাখে লাখে নয়, কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসতে পারে। সরকার বুঝতে পারছে না। স্বৈরাচারী এরশাদ ও বুঝতে পারে নাই।৬৯ এর স্বৈরাচারী আইয়ুব খান ও বুঝতে পারে নাই। সরকার বুঝতে পারলে মানুষের কাছে গণতন্ত্রের কাছে মাথা নত করত।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সরকার যদি মানুষের ভালো উদ্যোগী হয় তাহলে প্রথমে তাকে পদত্যাগ করতে হবে। কারণ তাদের উপর বিন্দুমাত্র আস্থা ও বিশ্বাস দেশবাসীর নেই।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আলোচনা কথা উঠেছে। আলোচনা করতে পারি। আলোচনা করব তবে এই সরকারের সাথে না। আলোচনা হতে পারে আওয়ামী লীগের সাথে। তার আগে এ সরকারের পদত্যাগ করতে হবে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, এই সরকারের পদত্যাগ করতে হবে। তা না হলে পদত্যাগে বাধ্য করবো আমরা। যেভাবে এরশাদ কে বিদায় করেছিলাম। যেভাবে পাকিস্তানিদেরকে বিদায় করেছিলাম। ঠিক একই ভাবে এ সরকারকে বিদায় করব।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ১৯৯৫/৯৬ তত্ত্বাবধায়ক সরকারের জন্য কি করেছেন আপনারা। কোন জিনিসটা বাদ দিয়েছেন? সব করেছেন আপনারা। সেই কাজগুলো যদি এখন আমরা করি আপনাদের গায়ে জ্বালা ধরে কেন? সে কাজগুলো তো এখনো করা শুরু করি নাই। আপনারা যা যা করেছেন আমরা যদি সেগুলো করি তাহলে আপনারা বাধা দিতে পারে না। এখনো পর্যন্ত আমরা ভালোভাবে বলছি তার মানে এই নয় ভালোই ভালোই যদি বিদায় না হন আমরা ভালোই ভালোই সমর্থন করব। এটা ভাবার কোন কারণ নাই।
আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ। এবং প্রবন্ধ পাঠ করেন সাবেক ছাত্রনেতা এম নাজমুল হাসান।
জনতার আওয়াজ/আ আ