ঠাকুরগাঁওয়ে নার্সিং শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে নার্সিং শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

 

ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ না মানার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন ঠাকুরগাঁও জেলা শাখার বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন। মঙ্গলবার (১৬ মে) সকালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্টরূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। কিন্তু সম্প্রতি গৃহীত একটি সিদ্ধান্ত বর্তমান নার্সিং সম্প্রদায়ের এক তুমুল মানসিক ক্ষোভের উদ্বেগ ঘটিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে আমরা দেখতে পাই, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা শিক্ষার্থী যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং যারা ৩-৪ বছরের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স করার পর শুধু ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে; তাদের তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমান করা হয়েছে, যা যোগ্যতা অনুসারে বিচার করলে চাক্ষুষ পক্ষপাত দৃশ্যমান।’

মানববন্ধন থেকে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়; একই সঙ্গে ৬ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো- অবিলম্বে কারিগরিমুক্ত নার্সিং ব্যবস্থা চালু, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান চাই, প্রফেশনাল বিসিএস প্রদান, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি করণ ও ইন্টার্ন ভাতা নিশ্চিতকরণ, সরকারি নার্সিংয়ে ছেলে কোটা ১০% থেকে ২০% এ এবং বেসরকারি নার্সিং এ ২০% থেকে ৩০% উন্নতিকরণ ও ছেলেদের আসাবিক হলের ব্যবস্থা করা। অবিলম্বে এই ৬ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আরফান আলী, শিক্ষার্থী রুবেল ইসলামসহ জেলার নার্সিং-এ অধ্যয়নরত প্রায় হাজারো শিক্ষার্থী।

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও শিক্ষা, পরিবার কল্যাণ বিভাগ, নার্সিং শিক্ষা শাখার গত ২ মে তারিখের এক স্বারক নং-এর প্রজ্ঞাপন মূলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি পাশের পর ৩-৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি সম্পন্নকারীদের শুধুমাত্র ৬ মাসের ক্লিনিক্যাল প্রাক্টিস সম্পূর্ণ করে এইচএসসি পাশের ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমতুল্য করা মোটেও যৌক্তিক নয় বলে দাবি ঠাকুরগাঁওয়ে নার্সিং-এ অধ্যয়নরত শিক্ষার্থীদের। এরই প্রতিবাদে তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গড়ে তোলে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ