ডাকসু ও জাকসু নির্বাচনের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন উঠেছে: ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসু ও জাকসু নির্বাচনের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন উঠেছে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) ছাত্র সংসদ নির্বাচনের ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ বলেন, “বিশ্ববিদ্যালয়সমূহে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এমনকি শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে।”

তিনি আরও বলেন, “২০০৯ সালে দেশের মানুষ ভোট দিতে পেরেছিল। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে, ২০২৪ সালে আই-ডামি নির্বাচন হয়েছে। তাই বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা রাখতে চায়। সংশ্লিষ্টদের উচিত হবে এমন নির্বাচন আয়োজন না করা যা নিয়ে প্রশ্ন উঠবে, প্রতিদ্বন্দ্বী দল সরে দাঁড়াবে।”

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক তরিকুল ইসলাম এবং জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “কোনো বিভেদ বা বিভাজন কাউকে শক্তিশালী করবে না। ঐক্যবদ্ধ থাকলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরার পথও রুদ্ধ হবে। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যা কোনোভাবেই ভালো হবে না।”

তিনি সবাইকে ঐক্যের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের মনের ভাষা বুঝুন, জনগণের ওপর দায়িত্ব দিন। নির্বাচনী প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত তাদের বলব—বামেও যাবেন না, ডানেও যাবেন না। নিরপেক্ষ থাকুন। আপনার নিরপেক্ষতাই প্রমাণ করবে আগামী দিনে আপনার অবস্থান কোথায় ছিল।”

‘নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’ অভিযোগ করে ডা. জাহিদ বলেন, “বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে বিপদগামী করার জন্য দেশ-বিদেশ থেকে নানা ষড়যন্ত্র চলছে। পলাতক স্বৈরাচার ও রাষ্ট্রবিরোধী শক্তি তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে না যেতে পারে।”

তিনি বলেন, “এই ষড়যন্ত্র রুখতে হলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের শক্তির সামনে কোনো ষড়যন্ত্র টিকবে না। অতীতেও দুর্যোগ-দুর্বিপাকে জনগণই সিদ্ধান্ত নিয়েছে। ৩৬ জুলাইয়ের আন্দোলনও জনগণের অংশগ্রহণে এক দফার আন্দোলনে রূপ নেয়। ভবিষ্যতেও জনগণই জয়ী হবে, গণতন্ত্র জয়ী হবে।”

ডা. জাহিদ আশা প্রকাশ করেন, “আগামী দিনের সংবিধান ও সংস্কার জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই গঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে।”

শুক্রবার সকাল ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিইএবি)-এর আহ্বায়ক মো. হানিফ ও সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেনের নেতৃত্বে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীদের নিয়ে ডা. জাহিদ শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে নেতৃবৃন্দ কবরের সামনে মুষ্টিবদ্ধ হাতে শপথ পাঠ করেন।

গত ৩ সেপ্টেম্বর প্রকৌশলী মো. হানিফের নেতৃত্বে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ