ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৬, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৬, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৬ মে) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করা এই স্বাধীনতার আওতায় পড়ে না। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হচ্ছে। একই সঙ্গে সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন সম্পর্কে জনগণকে আরও সচেতন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ইউনেস্কো প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যমের উন্নয়ন, তথ্য যাচাই প্রক্রিয়া শক্তিশালী করা, সাংবাদিকতার পেশাগত মান বৃদ্ধি এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বাড়াতে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎকালে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় ইউনেস্কোর প্রতিনিধিদলের সদস্যরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ