ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইশরাক হোসেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি জানান, সকল আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা কাগজপত্র যাচাই করে নিজেই তার মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে। এর আগেও নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকায় তিনি পরিস্থিতি সম্পর্কে আত্মবিশ্বাসী। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সব রাজনৈতিক দল গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও বিনা বাধায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে লক্ষ্যেই আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।

নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা এবং দলীয় কর্মকাণ্ড চাঙ্গা হলেও কিছু চ্যালেঞ্জ এখনো রয়েছে। তবে ঢাকা-৬ আসন নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী বলে জানান। তিনি বলেন, এই আসনের সব থানা ও ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

ঢাকা-৬ আসনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি স্মরণ করেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার বাবা মরহুম সাদেক হোসেন খোকা তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ৩০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।

নির্বাচন বানচালের আশঙ্কা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, শেষ দিন পর্যন্ত এ ধরনের আশঙ্কা থেকেই যায়। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে যেভাবে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্যের সামনে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

তরুণ ভোটারদের উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, গত তিনটি নির্বাচনে তরুণরা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এ কারণে বিএনপি তরুণদের প্রস্তুত করতে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। ছাত্রদল ও যুবদলসহ অঙ্গসংগঠনগুলো এ কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

ইশরাক হোসেন বলেন, তরুণদের প্রতি আমার আহ্বান আপনারা অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন। কোনোভাবেই আপনার মূল্যবান ভোটটি মিস করবেন না। যাকে ভোট দেবেন, সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ নির্বাচনগুলোতে আইনের মাধ্যমে এবং ব্যালটের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হওয়া জরুরি। আমি যদি কোনো অন্যায় করি, আমাকেও যেন জবাবদিহিতার আওতায় আনা হয়। সে জন্য তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ