দলের নাম ভাঙিয়ে কুকীর্তি না করার হুঁশিয়ারি আলালের - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলের নাম ভাঙিয়ে কুকীর্তি না করার হুঁশিয়ারি আলালের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কোনো রকমের সংঘর্ষ, অনৈতিক কর্মকান্ড, দলের নাম ভাঙিয়ে কুকীর্তি করা যাবে না।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ক্রমাগত যারা উপদেষ্টার বাসভবনের আন্দোলন করছেন তাদেরকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিভিন্ন দাবিতে যারা ফ্রি স্টাইলে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে সমাধান হবে না। প্রেসক্লাবে আগে বসেছিলেন, দুইদিন পর পিটিয়ে উঠিয়ে দেওয়ার পর শেখ হাসিনার ছবি নিয়ে, জয় বাংলা স্লোগান দিতেন। এসব আমরা দেখেছি। বিএনপি যেখানে সময় দেওয়ার কথা বলছে, আপনারা এতো চাপ সৃষ্টি করছেন কেন?

তিনি বলেন, পিলখানা হত্যাকান্ড, শাপলা চত্বরে গণহত্যা, হলি আর্টিজানে হত্যা, সাগর-রুনী হত্যাকান্ড থেকে শুরু করে এমন কোন কর্মকান্ড নেই যা শেখ হাসিনা সরকার করেনি। হিন্দু-মুসলমান, বৌদ্ধ খ্রিষ্টান সবাইকে নির্যাতন করেছে। সাঁওতালদের ঘরবাড়ি জায়গার জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রামু, নাসিরনগরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ড. ইউনূসের মতো এতো সম্মানিত একজন মানুষ তাকে পদ্মা নদীতে চুবানোর কথা বলেছে। খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে এতো নির্যাতন করেছে, ৯২ দিন পর তার ছেলের লাশ এনে হাজির করেছে। এর চেয়ে কষ্টের একটা মায়ের জন্য আর কি হতে পারে? তারেক রহমানকে যে বিচারপতি খালাশ দিয়েছে তাকে দেশছাড়া করেছে। অন্যদিকে যে খালেদা জিয়াকে সাজা দিয়েছে তাকে প্রমোশন দিয়েছে।

বিএপির এই উপদেষ্টা বলেন, হাসিনা শাসনের অবসান হয়েছে। প্রথমে ছাত্ররা তাদের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। পরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ আন্দোলনে যোগ দিয়েছে। এ কথা অস্বীকারের উপায় নেই। যারা এতে অবদান রেখেছেন, তাদের সাধুবাদ জানাই। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০৪ জন বিএনপি নেতাকর্মী এই আন্দোলনে নিহত হয়েছেন।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ