দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে চক্রান্ত চলছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে চক্রান্ত চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে।

বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যারা ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, “শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছিল। তিনি দেশটাকে তার বাপের মনে করতেন। এতদিন রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনো প্রচেষ্টা আছে এই সম্প্রীতি ভাঙার। কোন একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না।”

বিএনপির এই মুখপাত্র বলেন, “যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য হিন্দু-মুসলমান সবাই এক হয়ে কাজ করার শপথ নিয়েছে। আমরা চারদিক থেকে চেষ্টা করছি যেন এই উৎসবটি উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজাকে কেন্দ্র করে সতর্কভাবে দায়িত্ব পালন করছেন।

“আমরা নিশ্চিত করছি যেন কেউ পূজাকে কেন্দ্র করে কোনো নাশকতা বা রাজনৈতিক অপতৎপরতা চালাতে না পারে। বাংলাদেশের মুখমণ্ডল যেন কেউ কলঙ্কিত করতে না পারে, সে জন্য সবাই সতর্ক রয়েছে,” — বলেন রিজভী।

বিএনপির এই মুখপাত্র বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়।”

রিজভী সকল রাজনৈতিক দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানান—দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে।

এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা জয়দেব, ডা : জাহিদুল কবির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান -এর নির্দেশনায় রুহুল কবির রিজভী অন্য আরেকটি প্রোগ্রামে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজার কমপ্লেক্সের লেকে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ