দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখতে চাইছে’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
স্বৈরাচারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম বলেন, বাংলাদেশের একটা বড় অংশ এখন সিটিজেন জার্নালিজম করে। অজ্ঞতার কারণে অনেকে ভুল তথ্য প্রচার করে ফেলে। তবে এ বিষয়ে প্রশিক্ষণ থাকলে এমন ভুল প্রতিরোধ সম্ভব৷
জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অসামান্য অংশগ্রহণ ছিল উল্লেখ করে শফিকুল আলম বলেন, আন্দোলনের সময় প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের কৃতিত্ব অনেক। নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন।
বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে এসেছে জানিয়ে প্রেস সচিব বলেন, এখন সময় এসেছে মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার।
জুলাই-আগস্টে সব কাজ শেষ হয়নি উল্লেখ করে শফিকুল আলম বলেন, এখন আলোচনা ও বিতর্ক-বিশ্লেষণের মাধ্যমে সামনে কাজ করতে হবে।
কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয় সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন প্রেস সচিব। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেয়ার অপচেষ্টাকে রুখে দিতে হবে।
জনতার আওয়াজ/আ আ