দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একমত হলেও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ‘না’ বিএনপির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

ছবি : সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও পিআর (প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন) পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেনি। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয়ে বোধ হয় এখন আমাদের কনসাইডার (বিবেচনা) করা ঠিক হবে না।’
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের টানা তৃতীয় আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এইজন্য দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজ বিজ্ঞানী, রাষ্ট্র বিজ্ঞানীসহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে। যাদের চিন্তাধারা, অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে এখানে যুক্ত করার জন্যই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথাও বলি নাই। সর্বাধিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না।’
রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যদের গোপন ভোটের পক্ষে বিএনপি। এবিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেক্টোরাল পদ্ধতিটির বিষয়ের রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছেন, এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ- নিম্ন কক্ষের সদস্যদের গোপন ব্যালাটের ভেতরে ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করার। এখনো সিদ্ধান্তে পৌঁছা যায়নি। তবে সবগুলো রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলে এতে একমত বিএনপি।’
অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়া প্রায় সব রাজনীতির দলই গোপন ব্যালটের নির্বাচনের প্রস্তাবে একমত বলে ব্রিফিংয়ে বলা হয়েছে।
তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল ভোটের ভোটার ইউপি মেম্বর পর্যন্ত ৭০ হাজার বর্ধিত করার বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে।
একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত বেশির ভাগ রাজনৈতিক দল। তবে এতে দ্বিমত বিএনপির। বিএনপি বলছে, টানা দুবার প্রধানমন্ত্রী হওয়ার পর গ্যাপ দিয়ে পরেরবার আবার প্রধানমন্ত্রী হতে পারবে- এমন প্রস্তাব বিএনপির।
জনতার আওয়াজ/আ আ