না’গঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, আউয়াল, মোসলেম, মোস্তফা, ফারুক ও সোহরাবের নাম জানা গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে গিয়াসউদ্দিন, রমজান, মোসলেম, মোস্তফা ও ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শালমদী এলাকায় বাতেন ও মোসলেম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত মোসলেম বলেন, শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২ শতাংশ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডভুক্ত মালিক হয়েছেন। ওই জমিটি বাতেন গং জোরপূর্বক দখলে রেখেছেন। শুক্রবার জমিতে চারা গাছ রোপণ করে বাড়ি ফেরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অর্তর্কিত হামলা চালায়। এসময় তারা শাবল ও লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ পাঁচ ছয়জন আহত হয়েছেন।
এদিকে আহত বাতেন বলেন, জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমি ভোগদখলে রয়েছি। হঠ্যাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিয়ে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধড়ক মারপিট করে। এতে অন্তত ৬/৭ জন গুরুতর আহত হয়েছেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার জানান, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জনতার আওয়াজ/আ আ