নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

নারীদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে সূচি প্রকাশ করেছে আইসিসি। সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে না পারায় এবার বাংলাদেশের নারীদেরও খেলতে হবে এই পর্ব।

টুর্নামেন্টের শুরুর দিন স্বাগতিক পাকিস্তানের মেয়েরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় দিনই (১০ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠ— গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। ৬ দলের এই প্রতিযোগিতার ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখান থেকে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে। আইসিসির এই ইভেন্টে সরাসরি জায়গা নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের সাথে গত জানুয়ারিতে হওয়া ওয়ানডে সিরিজটি জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারত। কিন্তু তারা সেই সিরিজ হারে ২-১ ব্যবধানে। এছাড়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ১০টি দেশ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। যেখানে ভারতসহ শীর্ষ ৬টি দেশ বিশ্বকাপের টিকিট কাটে। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও, জ্যোতিরা পিছিয়ে ছিলেন নেট রানরেটের হিসাবে। অন্যদিকে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছিল ৭-১০ নম্বরে।

এবার র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে থাইল্যান্ড ও স্কটল্যান্ড। আইসিসির দুই সহযোগী দেশ চমক দেখাতে পারলে বিশ্বকাপেও খেলার সুযোগ পেয়ে যেতে পারে। এদিকে, গত ১২ মার্চ বাছাইয়ের জন্য জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের দল ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টটি খেলতে আগামী ৩ এপ্রিল তাদের পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ